রাজধানীতে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার বরিশাল, ঝালকাঠি ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রামপুরার বনশ্রীতে অবস্থিত পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের স্পেশালাইজড ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার (এসআইএন্ডও) ঢাকা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার জাহান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চড়ামদ্দি এলাকার মো. জাকির হোসেন (৪৮) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার পেরিয়া এলাকার মো. জিয়া (২২)।
এএসপি জানান, গত ২৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আবুল হোসেন গাজী নামের এক যাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে জেসমিন (৩৫) বাদী হয়ে ৩ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। পরে এ ঘটনার তদন্তে নামে পিবিআই। অনুসন্ধানের একপর্যায়ে সোমবার অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞান পার্টির ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মো. সারোয়ার জাহান জানান, তদন্তে নামার পর পিবিআই প্রথমে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে। মোবাইলের কলের সূত্র ধরেই ঝালকাঠি, বরিশাল ও রাজধানীতে বিশেষ অভিযোন চালিয়ে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।